বাঁশখালীতে হেলপারকে হত্যা করে গাড়ি ছিনতাই, সাতকানিয়ায় লাশ উদ্ধার

হেলপারকে হত্যা করে একটি মিনি ট্রাক (ডাম্পার) ছিনতাই করেছে সন্ত্রাসীরা। বুধবার (১১ মে) রাত ৩টার দিকে বাঁশখালী উপজেলার গুনুগুরি আশ্রয়ন কেন্দ্র থেকে গাড়িটি ছিনতাই হয়।

বৃহস্পতিবার (১২ মে) বিকালে সাতকানিয়ার কেরানীহাট বাঁশখালী সড়কের দক্ষিণ ঢেমশা থ্রী স্টার কমিউনিটি ক্লাবের পশ্চিমে ব্রীজের নিচ থেকে ওই গাড়ির হেলপারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ বেলাল উদ্দিন (১৮)। সে বাঁশখালীর কালিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোকলদণ্ডী পূর্ব জঙ্গল এলাকার নুরুল আমিনের ছেলে।

গাড়ির চালক আবদুল লতিফ বলেন, প্রতিদিনের মতো গুনুগুরি আশ্রয়ন কেন্দ্র এলাকায় গাড়িটি পার্কিংয়ে রেখে বাসায় চলে যাই। হেলপার বেলাল গাড়িতে ঘুমিয়েছিল। সকালে একটি ভাড়া ছিল। গিয়ে দেখি গাড়িটি নাই ও হেলপার বেলালের মোবাইলটিও বন্ধ। বিষয়টি পুলিশকে জানানো হয়। বিকালে খবর আসে সাতকানিয়ায় দক্ষিণ ঢেমশা থ্রী স্টার কমিউনিটি ক্লাবের পশ্চিমে ব্রীজের একটি লাশ পাওয়া গেছে। এসে দেখি এটি বেলালের লাশ। এসময় তার চোখ কালো টেপ দিয়ে বাঁধা ছিল। ছিনতাইকারীরা তাকে হত্যা করে গাড়িটি নিয়ে যায়।

সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ব্রীজের নিচে যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল যায় পুলিশ। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাই করতে হেলপারকে হত্যা করে লাশ ব্রীজের নিচে ফেলে যায় অপরাধীরা। গাড়িটি উদ্ধার ও অপরাধীদের ধরার জন্য চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য করুন

Your email address will not be published.