দীঘিনালায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাইনী নদীর তীরবর্তী এলাকাসমূহ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে অন্তত ১ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি মানুষগুলো আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্রে। এসব মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। সোমবার (২০ জুন) দুপুর ১টায় উপজেলার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় দীঘিনালা জোন অধিনায়ক মেজর নাজিম আহমেদ (পিএসসি)’র পক্ষ হতে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ (পিএসসি)। উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ জানান, দীঘিনালা উপজেলার যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সব ধরনের সাহায্য-সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পরিবারের মাঝে দুপুরের খাবার, চাল, ডাল, তেল, লবন, খাবার স্যালাইন, বিস্কুট ও পানি দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মজিদ, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ। আশ্রয়কেন্দ্র অবস্থান করা একাধিক ব্যক্তি জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে গেছে। এ কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি। সেনাবাহিনীর দীঘিনালা জোন আমাদেরকে খাদ্যসামগ্রী দিয়েছে। সেনাবাহিনীর কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে ভালো লাগছে। এই সময়ে এগুলো আমাদের অনেক উপকারে লাগছে। না হয় আমাদের খুব কষ্ট পেতে হত।

মন্তব্য করুন

Your email address will not be published.