নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামে এক প্রতিবন্ধী কে মারধরের অভিযোগ উঠেছে। আজ ১৬ জুলাই (শনিবার) সকাল ১১টার দিকে পিএমখালী ইউনিয়নের উত্তর নয়াপাড়া নাপিতা পাহাড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মারধরের শিকার প্রতিবন্ধী নুর আহম্মদ প্রকাশ গুরা মিয়া (৭০) উত্তর নয়াপাড়া গ্রামের মৃত চাঁদ মিয়ার পুত্র। তিনি একজন শারিরিক প্রতিবন্ধী। মারধরের শিকার আহত বৃদ্ধার স্বজনরা জানান, সকাল ১১টার সময় গুরা মিয়া প্রতিদিনের ন্যায় আজকেও তার পানের বরজে কাজ করতে যায়। বরজে গেলে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতানের ছোট ভাই হায়দার আলী মিন্টু সহ অজ্ঞাত ৭-৮ জন বৃদ্ধার পোষ্য গরু ধানের চারা খেয়ে ফেলেছে বলে অভিযোগ তুলে এলোপাতাড়ি মারধর করে জখম করে। এতে প্রতিবন্ধী বৃদ্ধা মাটিতে লুটে পড়লে ঘটনাস্থল হতে হায়দার আলী মিন্টু সহ সবাই পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে বৃদ্ধার পরিবার গিয়ে আহত অবস্থায় ঘটনাস্থল হতে উদ্ধার করে। পর্বর্তীতে এলাকাবাসী চাঁদা তুলে বৃদ্ধাকে চিকিৎসার উদ্দেশ্যে কক্সবাজার শহরে নিয়ে যায়। এ ব্যাপারে মারধরের শিকার গুরা মিয়ার মেয়ে অভিযোগ করে বলেন, আমার বাবাকে তারা বেদড়ক মারধর করেছে। জুতা দিয়ে পিষ্ট করেছে। পিঠে ও বুকে ছুরির দাগ দেখা যাচ্ছে। আমার বৃদ্ধ পিতা একজন প্রতিবন্ধী। আমরা চিকিৎসা শেষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে জানতে অভিযুক্ত হায়দার আলী মিন্টুর ব্যবহৃত নাম্বারে ফোন দিয়ে রিং হলেও তিনি ফোন রিসিভ করেনি। পরে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কক্সবাজার সদর থানার অফিসার ওসি (তদন্ত) মুঠোফোনে জানান, এ ধরনের ঘটনার কোন অভিযোগ এখনো আসেনি। যদি অভিযোগ পায় তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।