নিজস্ব প্রতিবেদক
টাংগাইল থেকে নগদ এবং বিকাশের ৯৮ লাখ টাকা নিয়ে আত্নগোপনে থাকা তিনজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলীর সেন্টমার্টিন রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ির (ব্রাহ্মণবাড়ি) আনিসুল হকের ছেলে মো. আতিকুর রহমান (২৪) মির্জাবাড়ির তবানি টেকি এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম (২৫) ও দরি হাসিল এলাকার আবদুল মান্নানের ছেলে শামীম হোসেন (২৪)। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১ কোটি টাকাসহ তিন কর্মচারি পালিয়ে যাওয়ার অভিযোগে টাঙ্গাইলের খাটাইল থানায় একটা মামলা করেন দোকানের মালিক মো. মহিউদ্দিন। উক্ত মামলার সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের সঠিক অবস্থানরত এলাকাটি নিশ্চিত করি। এবং প্রযুক্তিগত অনুসন্ধানের পাশাপাশি সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই তিনজনকে আটক করতে স্বক্ষম হয়। আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা ৯৮ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। আটকদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে টাঙ্গাইলে পাঠানো হবে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।