সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার(২৬শে নভেম্বর) খাগরিয়ায় ভুক্তভোগীর পরিবারের খোঁজ নিতে গেলে তারা মৃত্যুর বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
পরিবার সূত্রে জানান, গতকাল সকালে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিক মিনতাজ উদ্দীন (২০) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুঁটাখালি এলাকার আবদুচ ছালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাজমিস্ত্রি কাজের শ্রমিক মিনতাজ উদ্দীন সাতকানিয়া উপজেলার রসুলপুর এলাকার সাইফুলের বাড়িতে কাজ করার জন্য আসেন। এ সময় একটি বালি ভর্তি ট্রাক রাস্তায় সুপারি গাছের জন্য যেতে না পারলে মিনতাজ উদ্দীন দা দিয়ে গাছটি কেঁটে দিলে সুপারি গাছটি বিদ্যুৎ লাইনের উপর ভেঙ্গে পড়ে। এ সময় বিদ্যুৎ সচল থাকায় সুপারি গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতাজ উদ্দীন মারাত্বক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দোহাজারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলো দ্বীপা মজুমদার ও মিনতাজ উদ্দীনের ভাই নাঈম উদ্দীন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল বলেন, সুপারি গাছ কাটতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।