দরিদ্র জনগোষ্ঠিকে অবহেলা করে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না : রানা দাশগুপ্ত

রাউজানে আদ্যাপীঠ এসএন্ডডি মজুমদার অনাথালয় উদ্বোধন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেছেন, মানব সেবাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মানব সেবার মধ্যদিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। প্রত্যেক ধর্মেই মানবতার পূজা ও সেবার নির্দেশনা রয়েছে। সৃষ্টির সেবা করলেই স্রষ্টার আশীর্বাদ মিলে। দরিদ্র জনগোষ্ঠিও আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা করে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না। তারা সঠিক পরিচর্যা ও পুনর্বাসন পেলে সমাজে অবদান রাখতে পারবে।

আজ ২২ ডিসেম্বর (শুক্রবার) সকালে রাউজান উপজেলার উত্তর গুজরায় আদ্যাপীঠ এসএন্ডডি মজুমদার অনাথালয়’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএন্ডডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ও অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সভাপতি দিলীপ কুমার মজুমদার। অনাথালয়ের উদ্বোধন করেন ভারতের দক্ষিণেশ^র রামকৃষ্ণ সংঘ-আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি, বিশ^ পরিব্রাজক ব্রহ্মচারী মুরাল ভাই। তিনি বলেন, ধর্মকে আমরা ধারণ করবো আমাদের আত্মবুদ্ধি ও আত্মবিকাশের জন্য কিন্তু কখনো ধর্মান্ধতাকে নয়। ধর্মান্ধতা মানুষকে অজ্ঞতা ও অন্ধকারের দিকে ঠেলে দেয়। ধর্মান্ধতার জন্য মানব সভ্যতা ও সংহতি বিপর্যস্ত হয়। ধর্ম হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম কৈবল্য ধামের অধ্যক্ষ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। মহান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল্লাহ গণি।

সংগঠক কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন এসএন্ডডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী শ্বাশতী মজুমদার, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, প্রবর্ত্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত, চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, শ্যামল সাধু। আরো উপস্থিত ছিলেন অ্যাড. দিলীপ কুমার চৌধুরী, অ্যাড. সমীর দাশগুপ্ত, সুমন দে, ম্যালকন চক্রবর্তী, বরুন মজুমদার, বিশ্বজিত চৌধুরী, অনুপ কুমার বিশ্বাস, অনিল বিশ্বাস, বিজয় বিশ্বাস প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.