বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল, বুধবার ভোরে নোয়াপতং পাহাড়ি এলাকার একটি জুম ঘরের আস্তানায় এই ঘটনা ঘটে।
গোলাগুলির পর সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গুলি, ওয়াকিটকি, জলপাই রঙের পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আক্তারু সামাদ রাফি বলেন, নোয়াপতং পাহাড়ি এলাকায় জুম্ম লিবারেশন আর্মির সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাত ১টার দিকে অভিযানে নামে। পরে ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা অভিযানের বিষয়টি টের পেলে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, এ কে ৪৭ ও পিস্তলের দুটি ম্যাগজিন, ২৫৮ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকিটকি সেট, মোবাইল, নগদ ৩৩ হাজার টাকা, জলপাই রঙের পোশাক, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, জুম্ম লিবারেশন আর্মি জনসংহতি সমিতির একটি সশস্ত্র সংগঠন।