জোরারগঞ্জ থানার একটি মামলায় স্ত্রী নাজমা আক্তার হত্যার দায়ে স্বামী মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে স্ত্রী নাজমাকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি স্বামী মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন, পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, নাজমা আক্তার ও মো. সাইফুল ইসলামের ২০০৯ সালে বিয়ে হয়। নাজমার সঙ্গে স্বামী সাইফুল ইসলামের পারিবারিক বিরোধ ছিল। বিরোধের জেরে ২০১৩ সালের ১৮ জুন রাতের কোনো এক সময় মারধর ও ছুরিকাঘাতে নাজমা আক্তারকে হত্যা করা হয়। নাজমা আক্তার হত্যার ঘটনায় বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রে ১৫ জনকে সাক্ষী করা হয়।