কক্সবাজারেরর আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদার জামিনে মুক্ত

 

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদার (৩৫) জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা সূত্রে জানা গেছে, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকার পর আদালত থেকে জামিন মঞ্জুর হলে তিনি কারামুক্ত হন। তিনি মোট ৮টি মামলায় কারাবন্দি ছিলেন।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ মে কক্সবাজার শহরে যুবলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার নাম আলোচনায় আসে। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঢাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে ভিডিও প্রকাশের ঘটনাও তখন ব্যাপক আলোচিত হয়।

কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. দেলোয়ার জাহান জানান, রাত ৯টার দিকে জামিনে মুক্তি পান মোনাফ সিকদার।

আইনগত প্রক্রিয়া শেষে জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.