মামলা প্রত্যাহারে হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মানববন্ধন

 

বাচ্ছু পাটোয়ারী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বদিউল্লা পাড়ার গার্মেন্টস শ্রমিক ইসমত আরা জুঁইকে ধর্ষণের অভিযোগের পর মামলা তুলে নিতে পরিবারকে হত্যার হুমকি এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম আদালত চত্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত পক্ষ ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য নানা ধরনের চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এমনকি উল্টো ভুক্তভোগীর পরিবারের সদস্যদের হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

ভুক্তভোগীর স্বজনরা জানান, ধর্ষণকারীর বোনকে বাদী করে চট্টগ্রাম আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আইনি হয়রানির চেষ্টা চলছে। তারা এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা অভিযুক্ত পক্ষকে সহায়তা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

তাদের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “একজন নারী নির্যাতনের শিকার হওয়ার পর বিচার চাওয়াই যদি তার পরিবারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা সমাজ ও বিচারব্যবস্থার জন্য উদ্বেগজনক।”

মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.