চকরিয়ায় মসজিদের কক্ষের ভেতরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের ভেতর থেকে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে চারটার দিকে
উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস খুটাখালী পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার
ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমাম মোহাম্মদ ইদ্রিসকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।

দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুুরুল আজিম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিলো। আর সে কক্ষে বাইরে থেকে ঢোকার কোন আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনিপদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.