চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে কিশোর গ্রুপের প্রধান মো. শাহ আলম ফাহিম প্রকাশ রিং ফাহিমকে (২০) এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্যজন হলেন মো. জাহিদ (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতে আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়৷
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফাহিম ডবলমুরিং থানার তালিকাভুক্ত কিশোর অপরাধী। নিজেরই একটি গ্রুপ রয়েছে, রিং গ্রুপ নামে পরিচিত। সেই গ্রুপের প্রধান হওয়ার কারণেই তাকে রিং ফাহিম নামে ডাকে সবাই। রিং গ্রুপ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাস সৃষ্টি করত। গত ফেব্রুয়ারিতেও তারা আগ্রাবাদে গিয়ে একজনকে মারধর করে। তারা কিশোরদের টার্গেট করে।
কিশোরদের মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেয়। আবার অপেক্ষাকৃত বড় কেউ হলে দলবলসহ হামলা করে। তাদের গ্রুপের কারও সঙ্গে কোথাও বাকবিতণ্ডা হলে গ্রুপের সবাই মিলে হামলা করে। তারা বিভিন্ন স্থানে গিয়ে হামলা করলেও ভয়ে কেউ অভিযোগ করে না। ফাহিমের নামে এর আগেও একটি মামলা রয়েছে।