কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ জন নিহত হয়েছেন। এ সময় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা দুপুর পর্যন্ত পানিবন্দি হয়ে পড়েছে জানা গেছে।
প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো— কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলীয়ে গেছে।
অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন বলেন, বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছে। এ সময় পানিতে ডুবে আরও এক শিশু মারা গেছে। পাহাড় ধসে নিহতদের অধিকাংশই শিশু। তাদের পরিচয় নিশ্চিত হতে আরও কিছুক্ষণ সময় লাগবে।