ওসমান হাদির কফিনে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কফিনে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে শহীদ হাদির মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হবে। এতে তিনি জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে। রাজধানীর বিভিন্ন সড়কেও বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.