স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রবন্দরসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আমরা সরেজমিনে পরিদর্শনপূর্বক নিরাপত্তা নিয়ে নানা সুবিধা অসুবিধার বিষয়টি জেনেছি। প্রকল্পের সব কিছু যেন নিরাপদ থাকে সে বিষয়ে আমাদের আলাদা নজর রয়েছে। পাশাপাশি সম্মিলিতভাবে কী কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই এলাকাটি সম্পূর্ণ নিরাপদ রাখতে সরকারের নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেন। এরপর গভীর সমুদ্রবন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরসঙ্গে মতবিনিময় করেন তিনি।
দুই মেগা প্রকল্পের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সরেজমিনে ঘুরে দেখেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সারাদেশেই মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। তার মধ্যে মহেশখালীতে এনার্জি হাব, গভীর সমুদ্র বন্দরসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে এ অঞ্চলের পুরো চেহারাটাই পাল্টে যাবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান, কোস্টগার্ডের উপপরিচালক কমোডর এনামুল হক, পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্র্যাঞ্চ) মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, পেট্রো বাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিংয়ের সদস্য ও যুগ্ম-সচিব জাফর আলম, অতিরিক্ত সচিব (পুলিশ) জাহাঙ্গীর আলম, কক্সাবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজর রহমান প্রমুখ।