চট্টগ্রাম থেকে ঢাকা গামী বাসে ৪৭ লাখ টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মিথাইল এমফিটামিন বা ‘আইস’সহ তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম থেকে বাসে চড়ে সাড়ে ৪৭ লাখ টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মিথাইল এমফিটামিন বা ‘আইস’ নিয়ে ঢাকায় যাওয়ার সময় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নুসরাত ফাতেমা (২২)।

শুক্রবার (১ অক্টোবর) রাত পৌণে ৮টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার নুসরাত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন, জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। চট্টগ্রাম সংবাদকে তিনি বলেন, ‘রাতে সোনাপাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা পলিথিন মোড়ানো ৯৫ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা মাদক বহনের কথা স্বীকার করেছেন। চট্টগ্রাম নগরীর এক ব্যক্তি থেকে এসব আইস নিয়ে ঢাকায় যাচ্ছিল নুসরাত। এসব মাদক বিক্রির সাথে কারা জড়িত তাও আমরা খতিয়ে দেখছি। ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.