চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়কে মিনি ট্রাকের (ডাম্পার) ধাক্কায় দিদারুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মগনামা পাড়ার নুরুল আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কের পাশে আহত এক মোটরসাইকেল আরোহী পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ দুর্ঘটনায় দিদারুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু বলেন, চকরিয়া-বদরখালী সড়কে বেপরোয়া অবৈধ মিনি ট্রাক (ডাম্পার) ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অকালে ঝরছে তাজা প্রাণ। ইতিপূর্বেও ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।