হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাওলানা ফোরকানুল্লাহ ও মাওলানা মোবারকুল্লাহকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির করা হয়। এছাড়া সারা দেশব্যাপী জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার (২৩ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত উক্ত সভার সভাপতিত্ব করেন আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
পাশাপাশি কারাবন্দী আলেম উলামাদের আইনি সহায়তা ও মুক্তির ব্যাপারে কাজ বেগবান করার জন্য পাঁচ সদস্যের সাব কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-হেফাজতের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা ইয়াহইয়া, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস ও প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
এছাড়া সভায় উল্লেখ করা হয়, পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায় বিশ্বের তাবত মুসলমানদের ধোঁকা দিয়ে গোপনে তাদের সম্মেলন করেছে। কোনো বাঁধা বিপত্তি ছাড়াই এই সম্মেলন করতে পারায় তাদের আস্ফালন বেড়ে গেছে। তারা এখন পঞ্চগড় ও নেত্রকোনায় সাধারণ মুসলমানদের জান-মালের ওপর হামলা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তাই অনতিবিলম্বে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে তাদের সব অপতৎপরতা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় হেফাজত নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে যথাযথা ব্যবস্থা গ্রহণ করে বাজার মূল্যের লাগাম টেনে ধরার জোর দাবি জানানো হয়।
পরিশেষে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হুসাইন কাসেমী এবং আল্লামা নুরুল ইসলাম জিহাদিসহ সব কারাবন্দি আলেম উলামা, দেশ-জাতি ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া পরিচালনা করেন আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।