বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে কঙ্কাল!

নিজস্ব প্রতিবেদক  : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজারের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

২৭ মঙ্গলবার, সন্ধ্যায় পুকুরের কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন ডিম খুঁজতে গিয়ে মাথার খুলি ও দুটি পা’র সন্ধান পায় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার।

তিনি বলেন, মৃত ব্যক্তি কোনো শিশু বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন পুকুরে মাথার খুলি দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। পুকুরের বড় কচ্ছপগুলো পা দুটো নিয়ে টানাটানি করছিল। খবর পেয়ে পুলিশ পুনরায় গিয়ে পা দুটি উদ্ধার করে। পা দুটির মধ্যে বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংস ছিল। আর ডান পায়ের শুধু পায়ের পাতাতে মাংস আছে। পুকুরটিতে অনেক বড় বড় কচ্ছপ ও মাছ আছে। সেগুলো মরদেহটির শরীরের মাংস খেয়ে ফেলেছে বলে মনে হচ্ছে। লাশটি পুকুরে কীভাবে এল, তা তদন্ত করা হচ্ছে।

উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সিএমপির বায়েজিদ বোস্তামি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম জানান, উদ্ধার করা কঙ্কালের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন ধরে লাশটা পুকুরে পড়ে ছিল। বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.