সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪নঙ ওয়ার্ডে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
নুরুন্নাহার বেগমের ছোট বোন শাহিন আক্তার খবরের কাগজকে বলেন, আমার বোন বাকপ্রতিবন্ধী ছিলেন। এ ছাড়াও বয়সের কারণে তিনি কানে কম শুনতেন। সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাটঁতে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মংইউ মারমা চট্টগ্রাম সংবাদকে বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।