চট্টগ্রাম সংবাদ প্রতিবেদক>
সাতকানিয়া-লোহাগাড়াসহ বিভিন্ন জায়গা থেকে মহাসড়ক ধরে ট্রাকে ভরে নিয়ে যাওয়ার সময় ইটভাটার কাদামাটি পড়ে পিচ্ছিল হয়ে পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কয়েক কিলোমিটার। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রবিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১২টা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে কেরানীহাট থেকে মৌলভীর দোকান পর্যন্ত। সপ্তাহের প্রথম কর্ম দিবসের দিন এমন অবস্থায় অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। উল্টো সড়কে বসে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের।
স্থানীয়রা জানান, ইটভাটার মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে এঁটেল মাটি সড়কে পড়ে। সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ওই মাটি কাদায় পরিণত হয়। পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে ধীরগতিতেও গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিলো।
সরেজমিন দেখা গেছে, যানজটের কারণে অনেকে গাড়ি থেকে নেমে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে তারপর আবার গাড়িতে ওঠেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, সকাল আটটা থেকে পিচ্ছিল কাদার কারণে ধীরগতিতে গাড়ি চলাচল করতে হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম রাস্তায় নিয়োজিত ছিলো।