জট এড়াতে চট্টগ্রাম বন্দর জেটি থেকে কনটেইনার সরানোর নির্দেশ

গত অর্থবছরে অতীতের রেকর্ড ভেঙ্গে ৩০ লাখেরও বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি-রপ্তানির অধিকাংশ কাজ সমাপ্ত হওয়া এই বন্দরে ৪৯ হাজার টিইইউএস কনটেইনার রাখার ধারণক্ষমতা রয়েছে। প্রতিদিন প্রায় ৭ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হচ্ছে। তবে কঠোর লকডাউনের কারণে সীমিত পরিসরে জনবল নিয়ে চলছে বন্দরের কার্যক্রম।

এমন পরিস্থিতিতে কনটেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ।  তাই পরিস্থিতি ঠেকাতে আগাম প্রস্তুতিও নেয়া হয়েছে। বন্দরের অভ্যন্তরে বিভিন্ন ইয়ার্ডে রাখা কনটেইনার ডিপোতে সরাতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে নোটিশ পাঠাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২ জুলাই) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কনটেইনার ডিপোকে চিঠি পাঠিয়ে  তিন দিনের মধ্যে কনটোইনার সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডিপোতে স্থান সংকুলান হচ্ছে না। বর্তমানে ডিপোগামী কন্টেইনার মজুদ আছে ২৯ হাজার ২২৪ টিইইউএস। এছাড়াও পাইপলাইনে ২ হাজার ৪৩৭ টিইইউএস কন্টেইনার ভর্তি জাহাজ ঘাটে বার্থিংয়ের জন্য অপেক্ষায় আছে। তাই বন্দরে কনটেইনার জট এড়াতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোকে তাদের ২৫১ টিইইউএস আমদানীকৃত লোড কন্টেইনার সরিয়ে নিতে হবে আগামী তিন দিনের মধ্যে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উমর ফারুক সিভয়েসকে বলেন, ‘বন্দরে জট এড়াতে আমদানিকারকদের কনটেইনার সরাতে চিঠি দেয়া হচ্ছে। বন্দরে অপারেশনাল কাজে গতিশীলতা আনতে কন্টেইনারগুলো সরিয়ে নেয়া প্রয়োজন। জাহাজ হতে কন্টেইনার অবতরণের ৪ দিনের বিএল এর অন্তর্ভুক্ত সকল কন্টেইনার ডিপোতে নেয়া যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে বন্দরের ভেসেল অপারেশন, ইয়ার্ড অপারেশনসহ আমদানী কন্টেইনার অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনায় কন্টেইনারসমূহ ডিপোতে দ্রুত স্থানান্তর করা অতীব জরুরী।’

মন্তব্য করুন

Your email address will not be published.